শরীয়তপুর জেলাজুড়ে সম্প্রতি পুলিশ প্রশাসনের কার্যক্রমে যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। বিশেষ করে পুলিশ সুপার নজরুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের মাদকবিরোধী “জিরো টলারেন্স” নীতি এখন জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিয়ে ও অবৈধ বালু উত্তোলনের মতো অপরাধ নির্মূলে জেলা পুলিশের কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
সম্প্রতি ভেদরগঞ্জে অনুষ্ঠিত মাদকবিরোধী ও সামাজিক অপরাধ দমনবিষয়ক পথসভায় সহকারী পুলিশ সুপার (সার্কেল) সৌম্য শেখর পাল যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, তা শুধু অপরাধীদের জন্য নয়, বরং গোটা সমাজের জন্য একটি শক্ত বার্তা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন— “ভেদরগঞ্জে মাদক ব্যবসায়ীদের কোনো স্থান নেই; মাদক ব্যবসা ছাড়লে ভালো, না হলে আইনের মুখোমুখি হতে হবে।”
এই বক্তব্যের মাধ্যমে পুলিশ প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, অপরাধী যে-ই হোক, রাজনৈতিক পরিচয় বা প্রভাব যাই থাকুক, কেউ রেহাই পাবে না। একই সঙ্গে সমাজে নৈতিকতা, পারিবারিক শিক্ষা ও তরুণ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনতে পুলিশের আহ্বান একটি ইতিবাচক উদ্যোগ।
পুলিশ সুপার নজরুল ইসলামের তত্ত্বাবধানে শরীয়তপুর জেলা পুলিশ এখন শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়— তারা এক ধরনের সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। নিয়মিত অভিযান, জনসচেতনতা, পথসভা ও নাগরিক অংশগ্রহণের মাধ্যমে তারা জনবান্ধব পুলিশি কার্যক্রমে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আমরা আশা করি, এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং সমাজের প্রতিটি স্তরে নাগরিকদের সহযোগিতায় শরীয়তপুর হবে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন জেলা। লেখক: শহীদুল ইসলাম পাইলট



মন্তব্য করুন