মুন্সীগঞ্জের চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। ডাকাতি, মাদক ও বিস্ফোরকসহ মোট ১৯টি মামলার আসামি মিল্টনকে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার যশলং এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তার মিল্টন মল্লিকের বয়স ৪৬ বছর। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামের বাসিন্দা।
র্যাব-১১ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মো. আব্দুর রশিদ জানান, গত ৩১ অক্টোবর যৌথ বাহিনী মিল্টনের বাসায় অভিযান চালিয়ে ৭টি তাজা ককটেল বোমা, ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, চরাঞ্চলে আধিপত্য বিস্তারের জন্য মিল্টন দেশি-বিদেশি অস্ত্র মজুত করেছিল।
গ্রেপ্তারের পর তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তার গ্রেপ্তার চরাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

মন্তব্য করুন