ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবী রেল ক্রসিংয়ের কাছে একটি পরিবহন বাস এবং থ্রি-হুইলার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও চারজন গুরুতর আহত হন। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন—ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের আব্দুর রহমানের স্ত্রী নুরুন্নার বেগম (৫৫), তাঁর মেয়ে রিমু বেগম (৩৫) এবং রিমুর শিশু সন্তান রায়হান (৩)। নিহত অন্য বৃদ্ধের (৬৫) পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ঘটনার বিষয়ে জানান, কুয়াকাটা থেকে ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে আসা নিউ মর্ডান পরিবহন বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকটির কৈডুবী রেল ক্রসিংয়ের কাছে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া ইজিবাইকের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। আহত চারজনকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি নিশ্চিত করেন, দুর্ঘটনা সৃষ্টিকারী বাসটি আটক করা হয়েছে এবং নিহত একজনের পরিচয় শনাক্তের কাজ চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




মন্তব্য করুন