মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরে ইউনিয়নের মালিরপাথর কামারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত (২০) রয়েছেন। তার সঙ্গে আরও আটক হয়েছেন চর মুক্তারপুর এলাকার সাকিব (২৬) ও মালিরপাথর এলাকার তন্ময় (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কামারবাড়ি এলাকার একটি খালি জায়গায় একদল ডাকাত জড়ো হওয়ার গোপন সংবাদ পায় পুলিশ। তাৎক্ষণিক অভিযানে ঘটনাস্থল থেকে এই তিনজনকে হাতেনাতে ধরা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ১টি শাবল, ১টি রড ও ২টি টর্চ লাইট উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে সীমান্ত চিহ্নিত অপরাধী হিসেবে পুলিশের তালিকায় রয়েছেন।
পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা সীমান্তের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ অন্তত সাতটি অপরাধমূলক মামলা রয়েছে। এলাকায় তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এসআই মো. সোহাগ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের দ্রুত আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন