ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক অনুষ্ঠানের আনন্দ বিষাদে রূপ নিয়েছে। হাঁস পালনকে কেন্দ্র করে সৃষ্ট সামান্য বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে প্রাণ হারিয়েছেন টুকু মোল্লা (৪৫) নামের এক ব্যক্তি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুণপালদী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত টুকু মোল্লা ওই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে এবং ঢাকার একটি জুতা কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নিতে মাত্র দুই দিন আগে ঢাকা থেকে বাড়ি এসেছিলেন টুকু মোল্লা। ঘটনার দিন সন্ধ্যায় হাঁস পালন নিয়ে চাচাতো ভাই সোহাগ মোল্লার স্ত্রী সীমা বেগমের সাথে তার তীব্র বাকবিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে সীমা বেগম ঘরে থাকা ধারালো বটি দিয়ে টুকু মোল্লাকে জখম করেন।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সীমা বেগম আত্মগোপনে রয়েছেন।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন