ফরিদপুর জেলাজুড়ে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এ গত ৪৮ ঘণ্টায় সাবেক এক যুবলীগ নেতাসহ মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে এই সাড়াশি অভিযানের তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ফরিদপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ওরফে লিটন মৃধাকে (৪৭) বোয়ালমারী থেকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর বোয়ালমারী থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত, মাদক ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার করা হয়েছে।

এটি পুলিশের পূর্বপরিকল্পিত বিশেষ অভিযানের একটি অংশ, যা জেলার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিরতিতে চালানো হচ্ছে।

গ্রেফতার হওয়া লিটন মৃধা গত উপজেলা ও পৌরসভা নির্বাচনে সক্রিয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তবে তার পরিবার দাবি করেছে, আগে থেকে কোনো মামলার বিষয়ে তাদের জানা ছিল না এবং আকস্মিকভাবেই এই গ্রেফতারের ঘটনা ঘটেছে।