পদ্মা নদীতে ঘন কুয়াশার দাপট কমে আসায় দীর্ঘ ৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমলে এই রুটে যান পারাপার স্বাভাবিক হয়।
এর আগে সকাল সোয়া ৬টা থেকে কুয়াশার কারণে নৌপথের সিগন্যাল ও মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় চলাচল বন্ধ থাকায় নদীর উভয় পাড়ে প্রায় তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়ে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানান, যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করেই ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বেলা ১১টায় পুনরায় চলাচলের অনুমতি দেওয়া হয়।
মাঝনদীতে ফেরি আটকা পড়া এবং দীর্ঘ সময় ঘাটে অপেক্ষার কারণে চরম দুর্ভোগে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে আসা হাজারো যাত্রী। কনকনে শীতের মধ্যে নারী ও শিশুরা সবচেয়ে বেশি সংকটে পড়েন।
বর্তমানে সিরিয়াল অনুযায়ী যানবাহন পারাপার করা হচ্ছে। আটকা পড়া যানবাহনের চাপ কমাতে ঘাট এলাকায় অতিরিক্ত তৎপরতা চালাচ্ছে বিআইডব্লিউটিসি।

মন্তব্য করুন