শরীয়তপুরের গোসাইরহাটে দীর্ঘ বিরতির পর প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলা সদরে মশাল হাতে একটি ঝটিকা মিছিল বের করে দলটির স্থানীয় নেতা-কর্মীরা। গত ৫ আগস্ট সরকার পতনের পর এই এলাকায় এটিই আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য কর্মসূচি।

‘তৃণমূল আওয়ামী লীগ’-এর ব্যানারে আয়োজিত এই মিছিলে বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ও নির্বাচনসংক্রান্ত তফসিলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের ছবি দেখা গেছে। তবে মিছিলে শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে সরাসরি দেখা যায়নি এবং অংশগ্রহণকারীদের প্রায় সবার মুখ কাপড় বা মুখোশ দিয়ে ঢাকা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি গভীর রাতে হঠাৎ করেই রাস্তায় বেরিয়ে আসে এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগান দিতে থাকে। এ সংক্রান্ত একটি ভিডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিরোধী রাজনৈতিক কর্মীরা। প্রশাসনের কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অন্যথায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।