শরীয়তপুরের গোসাইরহাটে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টার দিকে গোসাইরহাট পৌরসভার মহেশ্বরপট্টি এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃত ব্যক্তির নাম আলাউদ্দিন ওরফে আলো সিকদার (৩৮)। তিনি ওই এলাকার মৃত জলিল সিকদারের ছেলে। পুলিশ জানিয়েছে, আলাউদ্দিন ওই অঞ্চলের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের সময় গোপন সংবাদ আসে যে মহেশ্বরপট্টি গ্রামে মাদকের একটি বড় চালান মজুত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল আলাউদ্দিনের বাড়িতে হানা দেয়। তল্লাশিকালে তার বসতঘরের আলমারি থেকে ৭ কেজি গাঁজা ও ৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোসাইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ নির্মূল করতে জেলায় এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।