মুন্সিগঞ্জ জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সিগঞ্জ জেলায় এই নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে এর অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। অবকাঠামোগত নির্মাণ ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত হওয়ার পর পরবর্তী ধাপে একাডেমিক কার্যক্রম বা শিক্ষার্থী ভর্তির আনুষ্ঠানিক অনুমতি প্রদান করা হবে।

এর আগে গত বছরের ১১ নভেম্বর ঢাকার জুরাইনে ‘ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ’ নামে একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছিল সরকার। এবার নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে মুন্সিগঞ্জবাসী একটি বিশেষায়িত সরকারি স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান পেতে যাচ্ছে।