ফরিদপুর শহরের জনবহুল এলাকা থেকে উদ্ধার করা অত্যন্ত শক্তিশালী একটি ‘আইইডি’ (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা থেকে আসা অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি দল শহরের কুমার নদের পাড়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি ধ্বংস করে।

এটিইউ-এর পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ জানিয়েছেন, উদ্ধারকৃত বস্তুটি একটি দূরনিয়ন্ত্রিত বা রিমোট কন্ট্রোল চালিত শক্তিশালী বোমা ছিল। বালুর বস্তা দিয়ে ঘিরে বিশেষ সতর্কতায় এটি নিষ্ক্রিয় করা হয়।

উল্লেখ্য, গত শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের আলীপুর ব্রিজ সংলগ্ন একটি বস্তি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগের ভেতর বোমাটির সন্ধান পায় পুলিশ। দীর্ঘ ২৪ ঘণ্টা পর এটি ধ্বংস করা সম্ভব হলো।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনার পর থেকে জেলা শহরে গোয়েন্দা নজরদারি ও পুলিশি টহল বাড়ানো হয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকায় কে বা কারা এই শক্তিশালী বিস্ফোরক ফেলে রেখেছিল, তা শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।