আট ঘণ্টার জন্য কারাগারের অন্ধকার থেকে মুক্তি পেলেন, কিন্তু সেই মুক্তি এলো শোকের বার্তা নিয়ে। মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়ে নিজ এলাকা চাঁদপুরের ফরিদগঞ্জে ফিরলেন পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মাহফুজুল হক। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কড়া পুলিশি পাহারায় পারিবারিক কবরস্থানে মায়ের দাফন সম্পন্ন করেন তিনি।
গত বছরের ৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক ছাত্রকে হত্যার অভিযোগে ডেমরা থেকে গ্রেপ্তার হন মাহফুজুল হক। এরপর থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি। বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মা বদরুন্নেসা মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির আদেশ দেয় কর্তৃপক্ষ।
ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, নির্ধারিত সময় শেষ হওয়ার পর বিকেল ৫টা বাজার আগেই মাহফুজুল হককে পুনরায় পুলিশি প্রহরায় কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। ২০১৭ সালে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হওয়া এই নেতার বিরুদ্ধে বর্তমানে বেশ কিছু মামলা বিচারাধীন রয়েছে।

মন্তব্য করুন