বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুদকের একটি দল তাকে গ্রেপ্তার করে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা একটি মামলায় সিয়ামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের ৫ জানুয়ারি সিয়াম, তার বাবা আবেদ আলী এবং মা শাহরিন আক্তার শিল্পীর নামে পৃথক তিনটি মামলা করেছিল দুদক।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আবেদ আলী জীবনের বিরুদ্ধে মোট ৩ কোটি ৭২ লাখ টাকার অবৈধ সম্পদ এবং তার ১২টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৪১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার স্ত্রী শিল্পীর নামে ১ কোটি ২৬ লাখ টাকার অবৈধ সম্পদ এবং প্রায় সাড়ে ৩ কোটি টাকার ব্যাংক লেনদেনের অভিযোগ রয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিআইডি আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করার পর দুদকের এই অনুসন্ধান শুরু হয়। ২০১৪ সালে প্রশ্ন ফাঁসের অভিযোগে চাকরি হারানো আবেদ আলী এক সময় কুলির কাজ করতেন। পরবর্তীতে পিএসসিতে যোগ দিয়ে প্রশ্ন ফাঁস চক্রের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন। এর আগেও রেলওয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সিয়াম ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল।



মন্তব্য করুন