শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জাটকা ইলিশ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের নাগেরপাড়া মাছ বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে সার্স হালিমা মৎস্য আড়তের মালিক মো. মোশাররফ হোসেনকে বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ লঙ্ঘনের দায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুশরাত আরা খানম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন।
এ সময় চার মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় ছয়টি এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম, গোসাইরহাট থানার এসআই ননি গোপালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম জানান, দেশের ইলিশ সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে জাটকা নিধন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন