মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নে পাঁচ ঘণ্টাব্যাপী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে সাতটা পর্যন্ত বড়মেহের এলাকায় এই অভিযান পরিচালিত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়মেহের এলাকার ইদ্রিস হাওলাদার ও হাবিব হাওলাদারের বাড়ির নিকটবর্তী একটি বালুর মাঠ সংলগ্ন ঝোপঝাড়ে তল্লাশি চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর ডগ স্কোয়াডের দুটি প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হয়। তল্লাশিকালে চারটি বালতিতে রাখা ৪০টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

এছাড়া ঝোপঝাড়ের ভেতর থেকে ৯৩টি শরকি, ৩৩টি ঢাল এবং ৩টি রামদা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি মোবাইল ফোনও জব্দ করে যৌথ বাহিনী।

মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই প্লাটুন সেনা সদস্য ও সদর মডেল থানা পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। জননিরাপত্তা রক্ষায় এই ধরনের তল্লাশি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

উদ্ধারকৃত ককটেল ও অস্ত্রশস্ত্র বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।