রাজধানীর গুলশান থেকে নিখোঁজের তিনদিন পর মাদারীপুরের শিবচরে মোহাম্মদ শহীদুল ইসলাম (৪৬) নামের এক কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের আন্ডারপাস থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শহীদুল ইসলাম আন্তর্জাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের (সিআইএমএমওয়াইটি) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার মহিপুর থানার সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে গুলশানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটি পে-অর্ডার জমা দিতে গিয়ে নিখোঁজ হন শহীদুল। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ ছিল। ওই দিনই নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ ডিএমপির গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা শিবচরের সূর্যনগর আন্ডারপাসে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বজনরা এটি শহীদুলের মরদেহ বলে শনাক্ত করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে প্রিয়জনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়া থেকে মরদেহ উদ্ধার পর্যন্ত পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।