ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের একটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় তেঁতুলতলা বাসস্ট্যান্ড সংলগ্ন ক্যাম্পে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কানাইপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদের উদ্যোগে এই ক্যাম্পটি স্থাপন করা হয়েছিল। মঙ্গলবার ভোরে ফজর নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা ক্যাম্পটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। আগুনে একটি নির্বাচনী ব্যানার, একটি টেবিল এবং ডেকোরেটরের কিছু কাপড় আংশিকভাবে পুড়ে গেছে।

ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মীরা অভিযোগ করেছেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে সকালে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটের আর মাত্র ৯ দিন বাকি থাকতে এমন ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।