মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের অন্তত ২০ জন প্রভাবশালী নেতা-কর্মী। বুধবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে আয়োজিত এক উঠান বৈঠকে তারা অংশ নেন। এসময় আওয়ামী লীগ নেতারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চান।
দীর্ঘদিন পলাতক থাকার পর প্রকাশ্যে এসে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় আওয়ামী লীগ নেতাদের এমন অবস্থান স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ও বিতর্কের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের সবুজ সংকেত পাওয়ার পরই আওয়ামী লীগের এই অংশটি বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা এবং অন্তত সাতজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। সভায় শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান তার বক্তব্য শেষ করেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে। তিনি ধানের শীষের পক্ষে কাজ করার প্রকাশ্য অঙ্গীকার করেন।
বিএনপির প্রার্থী নাদিরা আক্তার তার বক্তব্যে আওয়ামী লীগ নেতাদের আশ্বস্ত করে বলেন, “কে কোন দল করল সেটা বড় বিষয় নয়, বড় বিষয় আমরা সবাই মানুষ। আগামীতে কারও নামে কোনো মিথ্যা মামলা শিবচরে থাকবে না এবং নির্বাচনের পর কাউকে অযথা হয়রানি করা হবে না।” তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ‘আধুনিক শিবচর’ গড়ার প্রতিশ্রুতি দেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান দাবি করেছেন, আওয়ামী লীগ নেতারা সমর্থন দিতে এসেছেন, এখানে কাউকে পুনর্বাসন করা হচ্ছে না। তবে বিএনপির একাংশের মতে, এই আসনে দলীয় বিদ্রোহী দুই প্রার্থীকে মোকাবিলা করতেই কৌশলগতভাবে আওয়ামী লীগের সমর্থন নেওয়া হচ্ছে। উল্লেখ্য, বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে থাকা বহিষ্কৃত বিএনপি নেতা কামাল জামান মোল্লাও স্থানীয় আওয়ামী লীগের অপর একটি অংশের সমর্থন পেয়েছেন বলে জানা গেছে।



মন্তব্য করুন