মাদারীপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ও বিপুল পরিমাণ চুরিকৃত সরঞ্জামসহ চারজন সক্রিয় অপরাধীকে আটক করা হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন মেজর মেরাজ আল মামুন, ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন সারজিল। আটককৃতরা হলেন— আমিরাবাদ এলাকার দীপু বেপারী, পূর্ব রাস্তির সাগর খান, লক্ষীগঞ্জের ফোরকান সরদার এবং হাজরাপুরের রানা খান।
অভিযানকালে তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয়েছে একটি মেটাল ডিটেক্টর, দুটি বাইনোকুলার, একটি ক্যামেরা, ২৫টি টর্চলাইট, তিনটি স্বয়ংক্রিয় চাকু, দুটি চাপাতি, একটি কুড়াল ও পাঁচটি ড্রিল মেশিনসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক সামগ্রী। এর মধ্যে ২১টি ঘড়ি, চারটি ট্যাব ও ১১টি মোবাইল ফোনও রয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, আটককৃতরা এলাকায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও চোর চক্রের সদস্য হিসেবে পরিচিত। উদ্ধারকৃত মালামালসহ আসামিদের মাদারীপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক ও অপরাধ দমনে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।



মন্তব্য করুন