মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মালবোঝাই একটি পিকআপ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নিমতলা আন্ডারপাসের ওপর এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন—যশোরের বালিয়াডাঙ্গা রাজারহাট এলাকার মিজানুর রহমানের ছেলে পিকআপ চালক মো. সুজন (৩৭) এবং খুলনার ডুমুরিয়া এলাকার মো. জীবন মিয়ার ছেলে হেলপার মো. ইছারুল (২৫)।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, যশোর থেকে সবজি বোঝাই করে পিকআপটি ঢাকার দিকে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনে থাকা একটি অজ্ঞাত যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সুজন নিহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ২টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই অজ্ঞাত ওই গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ বর্তমানে থানায় রয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।