নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণায় ব্যাপক শো-ডাউন ও প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে হেরেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থীদের কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে এই চিত্র দেখা গেছে।

বরিশাল-৫ আসনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট। অর্থাৎ এই আসনে প্রায় ৩৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন চরমোনাইয়ের পীর।

এদিকে বরিশাল-৬ আসনেও বড় হারের মুখোমুখি হয়েছে হাতপাখা। এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে দ্বিতীয় হয়েছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহমুদুন্নবি (দাঁড়িপাল্লা), তার প্রাপ্ত ভোট ৫৪ হাজার ৫৩৩। মুফতি ফয়জুল করীম এ আসনে ২৮ হাজার ৮২৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল অঞ্চলে বিএনপির সুসংগঠিত সাংগঠনিক কাঠামো এবং মাঠ পর্যায়ের শক্ত অবস্থানের কারণে হাতপাখার ভোট ব্যাংক শেষ পর্যন্ত বড় কোনো প্রভাব ফেলতে সক্ষম হয়নি।