মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে একটি পরিত্যক্ত মুদি দোকান থেকে তিন বালতি তাজা ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ঢালিকান্দি এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় এলাকায় টহল জোরদার করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঢালিকান্দি মানিক শিকদারের বাড়িতে অভিযান চালানোর সময় পাশের একটি পরিত্যক্ত দোকানে তিনটি লাল প্লাস্টিকের বালতি দেখে সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে সেখানে আনুমানিক অর্ধশতাধিক তাজা ককটেল পাওয়া যায়। এছাড়া একই স্থান থেকে মোবাইল টাওয়ারে ব্যবহৃত বেশ কিছু চোরাই ব্যাটারিও জব্দ করা হয়।

১৯ বীর মাওয়া সেনানিবাসের সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় নোয়াদ্দা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছিল। এরপরই সেনাবাহিনী সক্রিয় হয়ে এই উদ্ধার অভিযান চালায়।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানিয়েছেন, যেকোনো ধরনের সহিংসতা দমনে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।