বিএনপি সরকারের ঘোষিত প্রথম ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচিতে শিক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই শিক্ষার মান উন্নয়নে সরকারের বিশেষ পদক্ষেপগুলো দৃশ্যমান হবে।”

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার নিজ এলাকায় প্রথম সফর।

শিক্ষামন্ত্রী বলেন, “বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরের দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। যতো চ্যালেঞ্জই থাকুক না কেন, শিক্ষার হারানো মান ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার বদ্ধপরিকর।” এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিন ঢাকা থেকে সড়কপথে কচুয়ায় পৌঁছালে জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসান মন্ত্রীকে স্বাগত জানান। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ও বিএনপি নেত্রী নাজমুন নাহার বেবি। সফরের প্রথম দিনে তিনি উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন।