স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এই পোস্ট দেন তিনি।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘যে স্লোগান স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই স্লোগান তাদের উত্তরসূরিদের ভয়ের কারণ তো হবেই!’ রাজনৈতিক মহলে তার এই বক্তব্য নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।

এর আগে একইদিন সন্ধ্যায় এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহও একটি সংক্ষিপ্ত পোস্ট দেন। সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে দেওয়া সেই পোস্টে হাসনাত কেবল ‘ইনকিলাব জিন্দাবাদ’ শব্দটি ব্যবহার করেন।

মুহূর্তের মধ্যেই দুই নেতার এই পোস্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ভাষা দিবসের দিনে এই ধরনের রাজনৈতিক স্লোগান ও ‘স্বৈরাচারের উত্তরসূরি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এই দুই নেতার বার্তা বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।