মাদারীপুরের শিবচর উপজেলায় একটি গবাদিপশুর খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারে থাকা ৭টি গরু, ২০টি হাঁস ও একটি ছাগল পুড়ে মারা গেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবচর পৌরসভার শিবরায়ের কান্দি এলাকায় কৃষক ওবায়দুল মোল্লার খামারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খামারের ভেতর হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা নেভানোর চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওবায়দুল মোল্লা জানান, খামারটিই ছিল তার উপার্জনের প্রধান উৎস। অগ্নিকাণ্ডে গবাদিপশু ছাড়াও খামারের স্থাপনা পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। সহায়-সম্বল হারিয়ে বর্তমানে তিনি নিঃস্ব।

শিবচর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিল। তবে আগুন নেভানোর পর খামারের ভেতর থেকে মৃত গবাদিপশুগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Facebook Comments Box