মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বর এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা হানজালা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ্চর গোলচত্বর এলাকায় রাতের আঁধারে বিভিন্ন যানবাহন থামিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন সংসদ সদস্য। সেখানে চাঁদাবাজিরত অবস্থায় একজনকে তিনি হাতে-নাতে ধরে ফেলেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

নির্বাচনের পর থেকেই শিবচরকে মাদক ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার করে আসছিলেন পীরজাদা হানজালা। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এই পদক্ষেপকে তাঁর নির্বাচনী অঙ্গীকারের বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন। নেটিজেনরা জননিরাপত্তায় তাঁর এই সরাসরি ভূমিকার প্রশংসা করেছেন।

শিবচর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।