নরসিংদীর মাধবদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনার মূল আসামি নুরাকে গাজীপুরের মাওনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। একই অভিযানে ময়মনসিংহের গৌরিপুর থেকে অপর আসামি হযরত আলীকেও গ্রেপ্তার করা হয়।
এই নৃশংস ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপি নেতা আহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে সালিশ বৈঠক করেন এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে গ্রাম ছাড়ার নির্দেশ দেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার রাতে বাবা আশরাফ হোসেনের সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে কিশোরীটিকে ছুরির মুখে জিম্মি করে তুলে নিয়ে যায় বখাটে নুরা ও তার সঙ্গীরা। পরদিন দুপুরে স্থানীয় একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। ১৫ দিন আগে নূরার নেতৃত্বে ওই কিশোরী প্রথমবার গণধর্ষণের শিকার হয়েছিল বলে জানা গেছে।

মন্তব্য করুন