মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সালেখ উদ্দিন ওরফে আহমদ আলীর (৪৮) বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।

রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে দেশে থাকা তার স্বজনরা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে আমিরাতের আজমান শহরে বসবাস করতেন সালেখ। পেশায় তিনি পানির গাড়ির চালক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কাজ করার সময় আজমান শহরে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে সালেখসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পরিপ্রেক্ষিতে ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে ধারণা করা হচ্ছে।

সালেখের ছোট ভাইয়ের স্ত্রী শেলি বেগম জানান, শনিবার থেকে তারা মৃত্যুর খবর শুনছিলেন, তবে নিশ্চিত হতে পারেননি। রোববার দুপুরে আমিরাতে থাকা সালেখের ভাইয়েরা নিশ্চিত করেন তিনি নিহত হয়েছেন।

নিহত সালেখ উদ্দিন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে।