সাংবাদিক কে এম নাজমুল হক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে নবম গ্রেডের বেতন স্কেলের সর্বশেষ ধাপে চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এই নিয়োগ বহাল থাকবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে তার কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন এই সহকারী প্রেস সচিব শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গা গ্রামের আ. হক খানের ছেলে। ছাত্রজীবন থেকে তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন কেন্দ্রীয় পর্যায়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার পর সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এলাকাবাসী এই নিয়োগের খবরে সন্তোষ প্রকাশ করেছেন। অনেকে একে জেলার জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন।

মন্তব্য করুন