সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ইসমাইল (৭০) ও আব্দুস সালাম (৬০)।
সোমবার (২ মার্চ) সকালে ওই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, গোয়ালপাড়া গ্রামের পাঁচ বিঘা আয়তনের একটি খাস পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক আছমত আলী ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিকের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর আগে আছমত আলী গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে পুকুরটি চাষাবাদ করতেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপি নেতা আবু বক্কার সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবু বক্কার সিদ্দিকের লোকজন পুকুরে মাছ ধরতে জাল ফেললে আছমত আলীর সমর্থকেরা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় হাসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে তারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আওয়ামী লীগ সমর্থিত চারজন ও বিএনপি সমর্থিত সাতজন গুরুতর আহত হন।
পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুপুর আড়াইটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম মারা যান।
ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর আবু বক্কার সিদ্দিক পুকুরটি লিজ নেওয়ার পর থেকে আছমত আলী ও তার অনুসারীরা সেখানে মাছ ধরতে বাধা দিচ্ছিলেন। সোমবার সকালে মাছ ধরতে গেলে আওয়ামী লীগের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে দুই কর্মীকে হত্যা করেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় কোনো নেতা বা সমর্থকের বক্তব্য তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি। তারা পলাতক বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান বলেন, পুকুর নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপির দুই কর্মীর মৃত্যু হয়েছে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন