আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে সাতটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাকে রূপগঞ্জের বানিয়াদী হাবিবিয়া হাফেজিয়া মাদরাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

হাবিবুর রহমান যুক্তিবাদী ১৯৪৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর হারিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছারছীনা দরবার শরিফের পীর আল্লামা নেছার উদ্দীনের খলিফা ছিলেন।

নিজ গ্রামে প্রাথমিক শিক্ষাজীবন শুরু করে তিনি নেছারিয়া আলিম মাদরাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে ফাজিল পাস করার পর সরকারি মাদরাসা-ই-আলিয়া থেকে প্রথম বিভাগে কামিল ডিগ্রি অর্জন করেন।

তিনি কোরআন, হাদিস, সাহাবী ও আউলিয়াদের জীবনী নিয়ে দেশজুড়ে বয়ান করতেন। শুধু বাংলাদেশ নয়, লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি ইসলামি আলোচনা প্রচার করেছেন।

তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ইসলামে নারীর মর্যাদা, ধর্ম ও ইবাদত, মুক্তির সহজ পথ, রাসূলে খোদা (সা.), মক্কাতে রাসূল (সা.), মদিনাতে রাসূল (সা.) ও শানে রাসূল (সা.)।