দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী অন্য দুই কমিশনার হলেন মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

দুপুর ২টা ৩৬ মিনিটে দুদকের এই শীর্ষ তিন কর্মকর্তা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করেন। প্রায় ১০ মিনিটের মধ্যেই পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে তারা ভবন থেকে বেরিয়ে যান।

পদত্যাগপত্র জমা দিয়ে বের হওয়ার সময় কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের মুখোমুখি হন। কোনো বিশেষ রাজনৈতিক বা প্রশাসনিক চাপের মুখে পদত্যাগ করেছেন কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো চাপের কারণে নয়, বরং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেছেন।

২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই দিন চেয়ারম্যানের পাশাপাশি দুদকের দুই কমিশনারও নিয়োগ পেয়েছিলেন।