৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন আগামী সোমবার জারি হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো প্রার্থীর প্রতি বৈষম্য করা হবে না। তবে নিয়োগের আগে নির্ধারিত যাচাই-বাছাই ও পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, নিয়োগ প্রক্রিয়ায় মেডিকেল টেস্টসহ যেসব আনুষ্ঠানিকতা বাধ্যতামূলক, সেগুলো সম্পন্ন করতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বাদ দেওয়া হচ্ছে কি না—এ নিয়ে আলোচনা থাকলেও তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক পরিচয় যাই হোক, কোনো পরীক্ষার ক্ষেত্রে বৈষম্য করা হবে না।
মন্ত্রী বলেন, পুলিশ ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া। অতীতে বিভিন্ন সরকারের সময়ও বিধি অনুযায়ী এ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলে বা কোনো মামলায় দণ্ডিত হলে প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়তে পারে। তবে শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে কারও নিয়োগ আটকে রাখা হবে না।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ প্রজ্ঞাপনে নাম না থাকাকে কেন্দ্র করে হতাশা বা ক্ষোভ প্রকাশ করছেন। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের ধৈর্য ধরার আহ্বান জানান। প্রজ্ঞাপন একবারেই চূড়ান্ত হয় না এবং নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরবর্তী প্রজ্ঞাপন জারি করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী, সংশ্লিষ্ট সচিব এবং মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে তার আলোচনা হয়েছে। ছুটির দিনেও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রক্রিয়াটি শেষ করতে কাজ করছেন বলে জানান তিনি।
তিনি বলেন, বাকি ৪৬ জনের জন্য আগামী সোমবার প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত রয়েছে। তবে এর আগে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে এবং প্রজ্ঞাপনের ফাইলে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন রয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোতে এ নিয়ে অপতথ্য বা গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য শিক্ষার্থীদের উত্তেজিত করা উচিত নয়। একই সঙ্গে তিনি আবারও আশ্বস্ত করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো প্রার্থীর প্রতি বৈষম্য করা হবে না।

মন্তব্য করুন