শরীয়তপুরের ভেদরগঞ্জে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ টিটু আকন (৪০) নামে পুলিশের তালিকাভুক্ত এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভেদরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, টিটু আকনের বাড়িতে মাদকদ্রব্য থাকার গোপন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাকে আটক করে ভেদরগঞ্জ থানায় নেওয়া হয়।
আটক টিটু আকন ভেদরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত শুক্কুর আকনের ছেলে। পুলিশের দাবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আগে থেকেই সাতটি মামলা রয়েছে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিটু আকনকে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন