‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং প্রবীণ হিতৈষী সংঘের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা মো. ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রাসেল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আবু সিয়াম এবং জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ হিতৈষী সংঘের সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান ও সমাজে তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাই তাঁদের প্রতি সম্মান ও যত্ন নিশ্চিত করার পাশাপাশি অধিকার, সামাজিক মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণের বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। প্রবীণবান্ধব সমাজ গঠনে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

মন্তব্য করুন