শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সহশিক্ষা কার্যক্রম ও ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষ এ আয়োজন করে।

সম্প্রতি বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নুরুল আমীন রতন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধর্মীয় শিক্ষক মো. হাফিজুর রহমান। এতে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, কোরআন খতমে ৬০ জন ছাত্রী ও ৩০ জন ছাত্র অংশ নেয়। খতম শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোরআন খতমে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।