অভিনয় ও উন্নয়নকর্মের পাশাপাশি এবার গবেষণা ও শিক্ষকতায় যুক্ত হলেন রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘদিনের পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরু করে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ শুরু করেছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে নতুন দায়িত্বের বিষয়টি জানিয়েছেন মিথিলা।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে যোগ দিয়েছেন তিনি। নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নের কাজে নেতৃত্ব দেবেন মিথিলা।

প্রকল্পটির মূল লক্ষ্য জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ ও পরিবেশের সঙ্গে যুক্ত করা। প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করবে প্রকল্পটি।

মিথিলা জানিয়েছেন, স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্যকে সমন্বয় করে কার্যকর তথ্য ও প্রমাণ তৈরিতে নিজের আন্তর্জাতিক উন্নয়ন খাতের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।

গবেষণার পাশাপাশি শিক্ষকতাতেও যুক্ত হয়েছেন মিথিলা। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। সেখানে ননপ্রফিট ম্যানেজমেন্ট বিষয়ে পড়াবেন এবং শিক্ষার্থীদের বাস্তব জগতের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়ার কাজ করবেন।

নতুন দায়িত্বের কথা জানিয়ে মিথিলা তার দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রায় দুই দশক ব্র্যাকের সঙ্গে কাজ করেছেন তিনি। এর মধ্যে প্রায় ১৫ বছর ব্র্যাক ইন্টারন্যাশনালের মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।

নতুন কর্মপরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিথিলা জানিয়েছেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে কাজের সুযোগকে তিনি তার পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে দেখছেন।

অভিনয়ের পাশাপাশি উন্নয়ন খাতে দীর্ঘদিন কাজ করার পর এবার গবেষণা ও উচ্চশিক্ষার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। নতুন দায়িত্বে বৈশ্বিক উন্নয়ন খাতে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।