দক্ষিণী চলচ্চিত্রের তারকা থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয় এবার পরিচালক হিসেবে সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সিগমা’ আগামী ২ অক্টোবর শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অভিনেতা সন্দীপ কিষাণ অভিনীত ‘সিগমা’ দিয়ে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন জেসন। তার বাবা থালাপতি বিজয় দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা। অন্যদিকে দাদু এস এ চন্দ্রশেখরও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। এমন পারিবারিক পরিচয়ের কারণে প্রত্যাশার চাপ থাকলেও নিজের কাজের মাধ্যমে আলাদা পরিচয় তৈরি করতে চান জেসন।
সিনেমাটির প্রধান অভিনেতা সন্দীপ কিষাণ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, পারিবারিক পরিচয়ের প্রভাবকে পাশে রেখে জেসন নিজের মৌলিকতা ও নির্মাণশৈলী দিয়ে প্রথম সিনেমাতেই দক্ষতার পরিচয় দিয়েছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের প্রথম সিনেমা নিয়ে কথা বলেন জেসন। সেখানে বাবার সিনেমাটি দেখার পর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। জেসনের মতে, সিনেমাটি বোঝার জন্য তার বাবাকে কিছুটা সময় দিতে হতে পারে। তবে প্রথম সিনেমা পরিচালনার পর বিজয় তাকে নিয়ে গর্ব করবেন বলে আশাবাদী তিনি।
জেসন বলেন, তার বাবা একজন মেগাস্টার এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজের কাজের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে আলাদা অবস্থান তৈরি করতে চান তিনি। পরিবারের ঐতিহ্য সবসময় তার সঙ্গে থাকবে উল্লেখ করে নিজের স্বতন্ত্র ভাবনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ইচ্ছার কথাও জানান এই নির্মাতা।
‘সিগমা’ প্রথমে চলতি বছরের জুলাইয়ে মুক্তির পরিকল্পনা ছিল। তবে সেন্সর ও ছাড়পত্র-সংক্রান্ত জটিলতার কারণে মুক্তি পিছিয়ে যায়। একই সময়ে থালাপতি বিজয়ের ‘জন নায়কন’ সিনেমার মুক্তির সময়সূচি নিয়েও পরিবর্তন আসে। পরে জেসনের সিনেমাটির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয় ২ অক্টোবর।

মন্তব্য করুন