পদ্মার তীব্র ঘূর্ণিস্রোতে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর তীররক্ষা বাঁধে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়ে প্রায় ২০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে আশপাশের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাটবাজারসহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা এখন মারাত্মক ঝুঁকির মুখে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নদীপাড়ের মানুষকে রক্ষা করতে তাৎক্ষণিকভাবে মাঠে নেমেছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। নদীভাঙন রুখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “এলাকার এক ইঞ্চি মাটিও নদীগর্ভে হারাতে দেওয়া হবে না।”
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে সুরেশ্বর মাছ ঘাট এলাকার তীররক্ষা বাঁধে প্রায় ৫০ মিটার এলাকা জুড়ে বিপজ্জনক ফাটল দেখা দেয়। পরবর্তীতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফাটল ধরা অংশের একটি বড় অংশ ধসে পদ্মায় তলিয়ে যায়। আকস্মিক এই ধসে এলাকা জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনাকাঙ্ক্ষিত ক্ষতি এড়াতে ইতোমধ্যে মাছ ঘাট এলাকার অন্তত ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ভাঙনকবলিত সুরেশ্বর মাছ ঘাট পরিদর্শনের সময় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সাথে নিয়ে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। এ সময় তিনি জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং কাজের গতি আরও বাড়ানোর নির্দেশ দেন।
পরিদর্শন শেষে উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয়দের উদ্দেশে এমপি কিরণ বলেন, “জনগণের জানমাল রক্ষায় সব ধরনের জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আগামী এক সপ্তাহ টেকনিক্যাল সার্ভের মাধ্যমে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে অবিরাম প্রতিরক্ষা কাজ চালানো হবে, যাতে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়।” নদীভাঙনের অন্যতম নেপথ্য কারণ অবৈধ বালুমহাল উল্লেখ করে তিনি আরও কড়া হুঁশিয়ারি দেন যে, রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী মিলটন হোসেন জানান, ৫০ মিটার ফাটলের মধ্যে প্রায় ২০ মিটার অংশ নদীতে ধসে পড়েছে। স্রোতের তীব্রতা কমাতে দ্রুত গতিতে বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ চলছে এবং শুক্রবার থেকে এই ডাম্পিং কার্যক্রম আরও জোরদার করা হবে।
এমপি কিরণের সরাসরি পদক্ষেপে ও আশ্বাসে ভাঙনকবলিত সুরেশ্বরের আতঙ্কিত মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও স্থায়ী সমাধানের জন্য দ্রুত ও টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



মন্তব্য করুন