শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর তীব্র ভাঙনে নবনির্মিত ও সংস্কার করা তীর রক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আকস্মিক এ ভাঙনে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে স্থানীয় বাজারের অন্তত ২০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকে নড়িয়া এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নদীর তীব্র স্রোত ও ঘূর্ণির কারণে ফাটলগুলো বড় হতে থাকে।

একপর্যায়ে সন্ধ্যার দিকে বাঁধের প্রায় ৫০ মিটার অংশ হঠাৎ ধসে নদীতে বিলীন হয়ে যায়। এতে আশপাশের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নতুন করে ভাঙনের ঝুঁকিতে পড়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

ভাঙন ঠেকাতে খবর পাওয়ার পরপরই জরুরি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ধসে যাওয়া অংশে নদীর স্রোতের তীব্রতা কমাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হয়েছে।

এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ভাঙন যাতে আরও বিস্তৃত হতে না পারে, সে জন্য জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি স্থায়ীভাবে বাঁধের ধস নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।