সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা ক্ষতিগ্রস্ত করার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মিষ্টিকে জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করার পর একই দিন জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে পদত্যাগপত্র গ্রহণ করা হলে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়।

পদত্যাগপত্রে মিষ্টি জানান, তিনি নিজের সিদ্ধান্তে এবং স্বেচ্ছায় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে পদত্যাগের কারণ হিসেবে কোনো বিষয় উল্লেখ করেননি।

এর আগে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাড্ডা সেন্টারের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছিলেন মিষ্টি। তার ভাষ্য ছিল, তদন্তে যে তথ্য উঠে আসবে, সেটিই গ্রহণযোগ্য হওয়া উচিত। দলীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, বিএনপি যে সিদ্ধান্ত নেবে, সেটিই তিনি মেনে নেবেন।

রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক পর্যায়েও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত রয়েছে। এ ছাড়া দল ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে শুক্রবার রাত পর্যন্ত দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।