জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এনসিপির হাতে যাবে। বিএনপি বা জামায়াতের হাতে সেই ক্ষমতা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
আসন্ন স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাটের অর্থ ব্যবহার করে কেউ পেশিশক্তি প্রদর্শনের চেষ্টা করলে অভ্যুত্থানের শক্তিগুলো তা প্রতিহত করবে। তাঁর দাবি, যেখানে চাঁদাবাজি, রাহাজানি, লুটপাট ও নারী নির্যাতনের মতো ঘটনা রয়েছে, সেখানে ঐক্যের কোনো সুযোগ নেই।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে দুর্নীতি হয়েছে বলে তিনি দাবি করেন, সেই পরিস্থিতি আবারও ফিরে এসেছে। এ অবস্থায় সীমান্তে নজরদারি ও পাহারা জোরদারের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে যেতে পারলেও চাঁদাবাজদের যেন পালানোর সুযোগ না হয়, সে বিষয়েও তিনি বক্তব্য দেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। তাঁর দাবি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও তারা ব্যর্থ করে দিতে চান। এ কারণে সবার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব থেকে সরানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
প্রবাসীদের নানা সমস্যার প্রসঙ্গ তুলে পাটওয়ারী বলেন, বিদেশ যাওয়ার পথে অনেক বাংলাদেশি প্রতারণার শিকার হচ্ছেন। পাশাপাশি বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাস থেকে প্রত্যাশিত সেবা না পাওয়ার অভিযোগও রয়েছে। এসব বিষয়ে জনগণ জবাবদিহি চাইতে শুরু করলে দায়ীদের ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন