কক্সবাজার থেকে উড়োজাহাজে ঢাকায় ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় এবং সন্ত্রাসবিরোধী আইনে করা একাধিক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, শুক্রবার কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে তারা ঢাকায় আসছেন—এমন তথ্য আগে থেকেই তাদের কাছে ছিল। বেলা সাড়ে ১টার দিকে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজ থেকে নামার সময় নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলমকে হেফাজতে নেয় বিমানবন্দর থানা-পুলিশ।

নাসির উদ্দিন মৃধা জর্জের বয়স ৫২ বছর। তিনি শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের বাসিন্দা। অপরদিকে জাহাঙ্গীর আলমের বয়স ৪৪ বছর এবং তিনি শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।

ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, কক্সবাজার থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে ওই দুই ব্যক্তি ঢাকায় আসছেন—এমন তথ্য পুলিশের কাছে ছিল। বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের হেফাজতে নেওয়া হয়।

ওসি জানান, হেফাজতে নেওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। এরপর তাদের গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, নাসির উদ্দিন মৃধা জর্জ ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শ্রীপুর থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।