টাকার জন্য মানুষ
—শহীদুল ইসলাম পাইলট
মায়ের আঁচল ফেলে মানুষ
পাড়ি দেয় পরদেশ,
বাবার মুখটা মনে পড়ে
নীরব রাতের শেষ।
বউটা থাকে দরজায় চেয়ে,
সন্তান গোনে দিন,
টাকার পিছে ছুটতে ছুটতে
হারায় কত ঋণ।
টাকার জন্য মানুষ যায়,
টাকার জন্য ফেরে,
আপন মানুষ দূরে থাকে,
জীবন চলে ঘোরে।
টাকা ছাড়া এই দুনিয়াতে
কত কিছুই থেমে যায়,
হাসির নিচে কান্না লুকায়—
মানুষ তবু হেঁটে যায়।
মক্কার পথে মনটা কাঁদে,
মদিনারও টান,
তবু কেন দূর শহরে
খুঁজি জীবনের মান?
কেউ যায় আমেরিকার পথে,
কেউ যায় লন্ডন শহর,
কেউবা থাকে মরুর বুকে
বুকের ভিতর প্রহর।
টাকার জন্য মানুষ যায়,
স্বপ্ন বুকে নিয়ে,
নিজের সুখটা বন্ধক রাখে
আপনজনের তরে।
মা-বাবা আর স্ত্রী-সন্তান
সবই থাকে হৃদয়জুড়ে,
রিজিকের আশায় মানুষ শুধু
দূর আকাশে উড়ে।
টাকা কি তবে আপনজন?
না, সে তো প্রয়োজন,
টাকা শুধু জীবনটাকে
চালায় সারাক্ষণ।
শেষের দিনে কী-ই বা থাকে
হিসাব কষার পরে?
আপন মানুষ পাশে থাকুক—
এই তো মনটা চায় রে।
টাকা চাই, তবে মনটা যেন
টাকার কাছে না হারায়,
রিজিক দিও, হে আল্লাহ তুমি,
আপনজনের কাছে ফিরায়।
দুনিয়ার এই দৌড়ের শেষে
একটাই যেন পরিচয়—
হালাল রিজিক, আপন মানুষ,
আর আল্লাহর দয়া হয়।
গান_কবিতা
লেখক: শহীদুল ইসলাম পাইলট,
লেখার তারিখ: ০৩/১০/২০২৬ ইং

মন্তব্য করুন