রুদ্রবার্তা প্রতিবেদক:
শরীয়তপুর জেলা শহরে আধুনিক ও রুচিশীল পোশাকের নতুন বিক্রয়কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করেছে ‘ভেস্তিতো এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাশন মার্ট’। শনিবার (৩ অক্টোবর) সকালে শহরের রূপনগর মেইন সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শোরুম উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদার, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ভিপি রুহুল আমিন মুন্সি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শাহজাহান ভূইয়া লিটন অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, শরীয়তপুর শহরে নতুন একটি ব্যবসাপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হওয়া আনন্দের বিষয়। স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, অন্যদিকে শহরের ব্যবসা-বাণিজ্যও সম্প্রসারিত হয়।
তিনি ভেস্তিতো এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাশন মার্টের সাফল্য কামনা করেন এবং ক্রেতাদের চাহিদা অনুযায়ী মানসম্মত পণ্য ও ভালো সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
উদ্বোধন শেষে জামাল উদ্দিন বিদ্যুৎ শোরুমটির প্রথম ক্রেতা হিসেবে নিজের জন্য কয়েকটি পোশাক কেনেন।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শাহজাহান ভূইয়া লিটন বলেন, শরীয়তপুরের মানুষের জন্য মানসম্মত ও রুচিশীল পোশাকের পাশাপাশি স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে কেনাকাটার সুযোগ তৈরি করাই তাঁদের প্রধান লক্ষ্য। ক্রেতাদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে পণ্যের মান এবং সেবার মান ধরে রাখার চেষ্টা থাকবে।
তিনি বলেন, ‘ক্রেতাদের সন্তুষ্টিই আমাদের প্রধান অগ্রাধিকার। শরীয়তপুরবাসীর আস্থা ও ভালোবাসা নিয়ে ভেস্তিতো এক্সপোর্ট কোয়ালিটি ফ্যাশন মার্টকে একটি নির্ভরযোগ্য ফ্যাশন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।’
নতুন এই ব্যবসাপ্রতিষ্ঠানের পথচলায় সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন তিনি।
উদ্বোধন উপলক্ষে শোরুমটি আকর্ষণীয়ভাবে সাজানো হয়। অতিথি ও ক্রেতাদের উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।