গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৫ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। একই সঙ্গে দুর্গাপূজার নিরাপত্তা, সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়েও কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৫–১৬ বছরে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা ঘটেছে। কিছু ঘটনা ঘটানোর চেষ্টা থাকলেও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আগেভাগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার পরিকল্পনা রয়েছে।
এবারের দুর্গাপূজা দীর্ঘ সময় পর শান্তিপূর্ণ, আনন্দময় ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, দুর্গাপূজার মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।
সাজেকের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। পাহাড়ে কয়েকটি গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। এ পরিস্থিতিতে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলেও জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।
ডিসেম্বরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা বরদাশত করা হবে না বলে সতর্ক করেন সালাহউদ্দিন আহমদ। কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলেও জানান তিনি। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।



মন্তব্য করুন