প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে ‘ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী’ কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। তাঁর দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তির পাশাপাশি বিরোধী দলের একটি অংশও বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে র‍্যালির আগে সভাটি অনুষ্ঠিত হয়।

বক্তব্যে মাহবুব আলমগীর আলো বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। তবে এসব তৎপরতায় দলটির কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে এই নেতা বলেন, দলটি ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। এ সময় নেতাকর্মীদের জেল, নির্যাতন, মামলা ও হুলিয়ার মুখোমুখি হতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় এনেছে।

সভায় জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ বলেন, বিগত সরকারের আমলে যুবদলের অনেক নেতাকর্মী নিহত ও গুমের শিকার হয়েছেন। অনেকে নির্যাতনের কারণে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও দাবি করেন তিনি। এ সময় নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং নির্যাতিত ব্যক্তিদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

হারুনুর রশিদ আজাদ আরও বলেন, বিএনপি সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যুবদলকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় যুবদল ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলার পাশাপাশি দখল, জবরদখল, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতেও সংগঠনটি প্রস্তুত বলে জানান তিনি। সৌহার্দ্য ও সম্প্রীতির ভিত্তিতে উন্নত ও আধুনিক রাষ্ট্র গঠনে যুবদল কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

মনজুরুল আজিম সুমনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং জেলা বিএনপির নেতারা।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।