ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকারকে নিয়ে মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার নারী ব্যবসায়ী সাথী আক্তার জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালত ৫০০ টাকার বন্ডে নিজ জিম্মায় তাঁর জামিন মঞ্জুর করেন।
ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সাথী আক্তারকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী মাহতাব উদ্দিন আহমেদ শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।
সাথী আক্তার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেটে ‘সাথী বিউটি পার্লার’ পরিচালনা করেন। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।
প্রতিবেদন অনুযায়ী, গত রোববার দুপুর ২টার দিকে ‘সাথী মেকওভার’ নামের ফেসবুক আইডি থেকে দুটি লাইভ ভিডিও করেন তিনি। পাঁচ মিনিট ২২ সেকেন্ড এবং আট মিনিট আট সেকেন্ডের ভিডিওতে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাথী। একপর্যায়ে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী।’
ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও করে বিচার দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দেয়।
পরে ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সাথী আক্তারকে হেফাজতে নেয়। পরদিন সোমবার ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
বুধবার জামিনের আদেশের পর আদালতের হাজতখানা থেকে তাঁকে মুক্তি দেওয়ার কথা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন