রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে জনি (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিশাত মিয়া (২৭) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা ৪ নম্বর গেটসংলগ্ন ডেমরা সড়কে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সকালে কয়েকজন যুবক ছিনতাইয়ের চেষ্টা করছেন বলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তাঁদের ধাওয়া করে দুজনকে আটক করা হয় এবং গণপিটুনি দেওয়া হয়। এ সময় অন্য দুজন পালিয়ে যান।

গণপিটুনিতে ঘটনাস্থলেই জনির মৃত্যু হয় বলে জানায় পুলিশ। গুরুতর আহত নিশাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশি পাহারায় তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত জনি যাত্রাবাড়ীর কাজলারপাড় এলাকার মাতবর গলির বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম মৃত আবুল কাশেম। আহত নিশাতের বাড়ি একই থানার কলাপট্টি এলাকায়। তাঁর বাবার নাম মহসিন মিয়া।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।