ফ্রান্স ফুটবল আয়োজিত ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ (বিওএটি) ভোটে ক্রিস্টিয়ানো রোনালদোর ২০০৮ সালের মৌসুম পেছনে ফেলেছে লিওনেল মেসির ২০১২ সালের পারফরম্যান্সকে। তবে এই ফলাফল ঘিরে ভোটের নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে।
ভোট দেওয়ার জন্য সমর্থকদের এক ইউরো খরচ করতে হয়েছে। একই ব্যক্তি একাধিকবার ভোট দিতে পারায় ফলাফলের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫ হাজার ৯ জন একাধিকবার ভোট দিয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৬৬৫ জন দুই থেকে চারবার, ৩০০ জন পাঁচ থেকে নয়বার এবং ৪৪ জন ১০ থেকে ২৬ বার পর্যন্ত ভোট দিয়েছেন।
২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন রোনালদো। ওই বছর দলকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতান তিনি। এটি ছিল তার ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জয়।
অন্যদিকে ২০১২ সালে মেসি এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল করেছিলেন, যা তার অসাধারণ মৌসুমের অন্যতম উদাহরণ। এ কারণে মেসির সমর্থকদের একাংশ মনে করছেন, ভোটের ফলাফল দিয়ে দুই তারকার পারফরম্যান্সের যথার্থ তুলনা করা কঠিন।
তথ্যসূত্র: গোল.কম



মন্তব্য করুন